গুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াত
শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বান্দরবান সেক্টর কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি দুর্গাপূজায় বিজিবির নেওয়া সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
সেক্টর কমান্ডার বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের প্রধান এ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে।
বিজিবি জানায়, দেশজুড়ে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় তারা নিয়োজিত রয়েছে। এর মধ্যে বান্দরবান সেক্টর সদর এবং এর অধীনস্থ রুমা (৯ বিজিবি), বলিপাড়া (৩৮ বিজিবি) ও আলীকদম (৫৭ বিজিবি) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৯টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় ইতিমধ্যে ৬টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা পূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। সার্বক্ষণিক নিরাপত্তায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ২৪ ঘণ্টা ১২টি প্লাটুন টহল দিচ্ছে। টহল কার্যক্রমে বডি-অন ক্যামেরার (শরীরে যুক্ত ক্যামেরা) পাশাপাশি বিজিবির ডগ স্কোয়াড এবং মাইন সুইপিং টিমও মাঠে রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ ও গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়ে কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, ‘সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তোলা সম্ভব।’
এসময় ৩৮ বিজিবি লে. কর্ণেল মো: ইয়াসির আরাফার হোসেনসহ গণমাধ্যম কর্মী ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।