বান্দরবানের ত্রি-সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক
মৈত্রী অনলাইন ডেস্ক : বান্দরবানে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের মিজোরাম রাজ্যের ত্রি–সীমান্ত পিলারের শূন্যরেখা (জিরো লাইন) থেকে সন্দেহভাজন আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে দুজন স্থানীয় ম্রো সম্প্রদায়ের।
বিজিবি সূত্রে জানা যায়, রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকায় ওই দুই ম্রো যুবকের সহায়তায় বাকি ছয়জন থানচি হয়ে ত্রি–পিলার এলাকায় পৌঁছায়। সীমান্ত অতিক্রম করে শূন্যরেখায় প্রবেশের গোপন সংবাদ পেয়ে ৬৩ ও ৬৪ নম্বর পিলারের মধ্যবর্তী বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে বিজিবি সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু, শুকনা খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— ঝিনাইদহের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩) ও পোস্তগোলার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার মো. হোসেন শরিফ (২৯), চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং স্থানীয় লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)।
রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের শূন্যরেখায় যাওয়ার প্রকৃত উদ্দেশ্য জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হবে।