মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

বান্দরবানে সামরিক প্রশিক্ষণের খবরকে ‘ভিত্তিহীন’ দাবি করে জামায়াতের প্রতিবাদ

মো. হাসান মুন্না প্রকাশ: হালনাগাদ:

মৈত্রী অনলাইন ডেস্ক : বান্দরবানের আলীকদমে সামরিক প্রশিক্ষণ এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রকাশিত দুটি সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৬ নভেম্বর) দলটির বান্দরবান পার্বত্য জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রতিবেদনগুলোকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করা হয়েছে।

জেলা আমীর এস. এম. আবদুচ ছালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘ওটিএন বাংলা’ (OTN BANGLA) এবং ‘নর্থ ইস্ট নিউজ’ (NORTH EAST NEWS) নামের দুটি অনলাইন পোর্টালে বাংলা ও ইংরেজি ভাষায় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে আলীকদমে ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীর সামরিক প্রশিক্ষণ নেওয়া এবং মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরএসওর (RSO) সঙ্গে যোগাযোগের দাবি করা হয়েছে।

জামায়াত নেতারা এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়ে বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কোনো ধরনের গোপন প্রশিক্ষণ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। আলীকদমের কোনো পাহাড়ে এ ধরনের তৎপরতার খবর তাঁরা এই প্রথম অনলাইন সংবাদমাধ্যমেই দেখলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, মিয়ানমারের আরএসওর সঙ্গে আলীকদম উপজেলা বা জেলা জামায়াতের কোনো জনশক্তির ন্যূনতম সম্পর্ক নেই। সামরিক প্রশিক্ষণের বিষয়টিকে ‘কল্পনাপ্রসূত’ আখ্যা দিয়ে নেতারা বলেন, প্রতিবেদনে তিনজন জামায়াত কর্মীর নাম জড়িয়ে জনমনে তাঁদের হেয় করার চেষ্টা করা হয়েছে।

ড. প্রদীপ রায় সম্পাদিত ওই অনলাইন পোর্টাল দুটিতে দেশ ও জাতির মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এমন খবর প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

 

 

Powered by Done 5 Technologies