বান্দরবান সদর হাসপাতালের বহির্বিভাগে এক বছরে ৭১ হাজার রোগীর চিকিৎসা
মো. হাসান মুন্না : বান্দরবান সদর হাসপাতালের বহির্বিভাগে গত এক বছরে চিকিৎসা সেবা নিয়েছেন ৭১ হাজার ৫২৫ জন রোগী। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে হাসপাতালটি থেকে এই সেবা দেওয়া হয়। পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১৯৬ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, নামমাত্র ৫ টাকা মূল্যের টিকিট কেটে চিকিৎসা নেওয়া এসব রোগীর কাছ থেকে গত এক বছরে সরকারি কোষাগারে রাজস্ব জমা হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬২৫ টাকা। এছাড়া গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গত বছরের ২৮ জুলাই ১৭৮ জন রোগীকে বিনামূল্যে (ফ্রি টিকিটে) চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
হাসপাতালের এক বছরের মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বছরের সব মাসে রোগীর চাপ সমান ছিল না। মূলত গ্রীষ্মের শেষ ও বর্ষার শুরুতে হাসপাতালে রোগীর ভিড় সবচেয়ে বেশি দেখা গেছে।
অর্থবছরের শেষ মাস অর্থাৎ ২০২৬ সালের জুন মাসে বহির্বিভাগে রেকর্ড সংখ্যক ১১ হাজার ১০৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর ঠিক আগের মাস মে-তে সেবা নিয়েছেন ৮ হাজার ৯২২ জন এবং এপ্রিল মাসে ৬ হাজার ৬৭৬ জন।
চিকিৎসকদের মতে, পাহাড়ে বর্ষা মৌসুমে পানিবাহিত রোগ, জ্বর, সর্দি-কাশি ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এপ্রিল থেকে জুন—এই তিন মাসে রোগীর চাপ কয়েকগুণ বেড়ে যায়।
অন্যদিকে, শীতের শেষ ও বসন্তের শুরুতে হাসপাতালে রোগীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসে সবচেয়ে কম রোগী চিকিৎসা নিয়েছেন—যা সংখ্যায় ৩ হাজার ৪৭৪ জন। এর আগের মাস ফেব্রুয়ারিতে সেবা নিয়েছেন ৩ হাজার ৬০০ জন।
সর্বোচ্চ ও সর্বনিম্ন মাসের ব্যবধান বিশ্লেষণ করলে দেখা যায়, জুন মাসের তুলনায় মার্চ মাসে রোগীর সংখ্যা ৭ হাজার ৬৩৫ জন কম ছিল। এছাড়া অর্থবছরের বাকি মাসগুলোর মধ্যে জুলাইয়ে ৬ হাজার ০৪৬ জন, আগস্টে ৫ হাজার ২২৪ জন, সেপ্টেম্বরে ৫ হাজার ৪৫৫ জন, অক্টোবরে ৫ হাজার ৬১৭ জন, নভেম্বরে ৫ হাজার ৭৭৭ জন, ডিসেম্বরে ৪ হাজার ৭৮৮ জন এবং জানুয়ারি ২০২৬-এ ৪ হাজার ৮৫৭ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।
জেলার সাতটি উপজেলার দুর্গম এলাকা থেকে আসা স্বল্প আয়ের মানুষের জন্য মাত্র ৫ টাকার টিকিটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া বড় এক স্বস্তির জায়গা। তবে মে ও জুন মাসের মতো ভরা মৌসুমে দৈনিক রোগীর চাপ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেড়ে গেলে টিকিট কাউন্টার ও চিকিৎসকদের কক্ষের সামনে দীর্ঘ সারির সৃষ্টি হয়। সীমিত জনবল নিয়ে এই বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
এদিকে চিকিৎসা নিতে আসা অনেক রোগীর অভিযোগ, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত পাওয়া যায় না। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলেও নির্ধারিত সময়ে চিকিৎসকদের কক্ষে দেখা মেলে না। এছাড়া সরকারি বরাদ্দের সব ওষুধ হাসপাতাল থেকে সব সময় পাওয়া যায় না।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৌহিদুল আনোয়ার বলেন, “হাসপাতালে জনবল সংকট রয়েছে। সীমিত জনবল দিয়েই আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। চিকিৎসকের সংখ্যা বাড়ানোর জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।”