লামায় বেইলি ব্রিজ ধসে গজালিয়া-আজিজনগর যোগাযোগ বিচ্ছিন্ন
মৈত্রী অনলাইন ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় গজালিয়া-আজিজনগর সড়কের একটি বেইলি ব্রিজ ধসে পড়েছে। এর ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং স্থানীয়দের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্কেভেটর বহনকারী ভারী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে কাঠামোটি ভেঙে নিচে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বেইলি ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তবে চালক সেই নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ট্রাকটি ব্রিজের ওপর তুললে এই বিপত্তি ঘটে।
ব্রিজটি ধসে পড়ায় গজালিয়া ও আজিজনগরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ নেবে বলে আশা করছেন এলাকাবাসী।