৩৪ বছরের মায়া কাটিয়ে শিক্ষকতা থেকে বিদায় নিলেন আলীকদমের প্রিয় শিক্ষক নূর মোহাম্মদ
আতিকুর রহমান, আলীকদম : একজন আদর্শ শিক্ষক কখনো অবসরে যান না; তিনি কেবল শ্রেণিকক্ষের চার দেয়াল ছেড়ে ছড়িয়ে পড়েন অগণিত শিক্ষার্থীর হৃদয়ে ও কর্মে। দীর্ঘ ৩৪ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টেনে তেমনই এক আবেগঘন বিদায় নিলেন বান্দরবানের আলীকদম উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক নূর মোহাম্মদ। যাঁর হাত ধরে আলোকিত হয়েছে পাহাড়ের এই জনপদের প্রজন্মের পর প্রজন্ম।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে প্রিয় এই শিক্ষকের বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান রূপ নেয় এক মিলনমেলা ও অশ্রুসজল বিদায়বেলায়। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনের মধ্যে টানা ১৬ বছর তিনি নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।
ভালোবাসায় সিক্ত বিদায়বেলা সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর চৈক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন। পুরো অনুষ্ঠানটির সুনিপুণ পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন আরিফুর রহমান।
অনুষ্ঠানে আলীকদম উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের আন্তরিক উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাম্মেল আমিন কুতুবীও উপস্থিত হয়ে বিদায়ী শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান।
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ বিদায়ী মুহূর্তে নূর মোহাম্মদ স্যারের কর্মজীবন, আদর্শ, সময়ানুবর্তিতা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অতিথি ও সহকর্মীরা। বক্তারা বলেন, একজন শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং একটি জাতিকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার কারিগর হিসেবে কাজ করেন। দীর্ঘ ৩৪ বছর ধরে নূর মোহাম্মদ স্যার যে নিষ্ঠা ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা পুরো শিক্ষক সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
কেবল শ্রেণিকক্ষের শিক্ষার্থীদেরই নয়, নিজের সন্তানদেরও তিনি গড়ে তুলেছেন আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে। পারিবারিক জীবনে দুই ছেলে ও এক মেয়ের গর্বিত জনক নূর মোহাম্মদ স্যার। তাঁর সন্তানদের প্রত্যেকেই আজ নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। বড় ছেলে জাবেদ নূর খাইর নিশাদ বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করে বর্তমানে একজন সফল ব্যবসায়ী। মেজ ছেলে খাইরুল ইসলাম নেপচুন বিএ ডিগ্রিধারী। তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মেনপা পাড়া কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে মানবসেবায় নিয়োজিত রয়েছেন। একমাত্র মেয়ে ডা. নূর-ই-জান্নাত নিস্পা এমবিবিএস, এফসিপিএস (সাইকিয়াট্রি) ও এমসিপিএইচ ডিগ্রিধারী। তিনি বর্তমানে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। তাঁর মেয়ের জামাতাও পেশায় একজন চিকিৎসক।
সম্মাননা ও ফুলেল বিদায় অনুষ্ঠানের শেষ পর্বে সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে নূর মোহাম্মদ স্যারকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
দীর্ঘদিনের সহকর্মী আর প্রিয় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে যখন তিনি বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করছিলেন, তখন সেখানে তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। প্রিয় শিক্ষকের বিদায়ে অনেকের চোখই ভিজে ওঠে অশ্রুতে। সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় নূর মোহাম্মদ স্যারের পায়ের ছাপ হয়তো আর প্রতিদিন পড়বে না, কিন্তু তাঁর দেখানো আলোর পথ ধরেই এগিয়ে যাবে আলীকদমের আগামী প্রজন্ম।