ভূরুঙ্গামারীতে হেরোইনসহ তরুণী আটক
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে হেরোইনসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ। মাদককারবারির সাথে জড়িত থাকার অভিযোগে ওই তরুণীসহ তার মা-বাবার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শুক্রবার সকালে তরুণীকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়। ঘটনার পর থেকে তার মা-বাবা পলাতক রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী এলাকার রিয়াজুল হকের বাড়িতে অভিযান চালায়। ওই সময় সেখান থেকে পুলিশ ছয় গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রিয়াজুল ও তার স্ত্রী পালিয়ে যান। পরে পুলিশ রিয়াজুলের মেয়েকে আটক করে। মাদককারবারির সাথে জড়িত থাকার অভিযোগে রিয়াজুল হকসহ তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, হেরোইন উদ্ধারসহ একজনকে আটক করা হয়। শুক্রবার তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আরো দু’জনের নামে মামলা হয়েছে তবে তারা এখনো পলাতক।
মৈত্রী/এফকেএ/এএ

