থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবর
অনুপম মারমা, থানচি (বান্দরবান) :
বান্দরবানের থানচি উপজেলায় চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীর প্রথম থানচি সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো অনুষ্ঠানকে ঘিরে পাহাড়জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে ৩৮ বিজিবি (বলিপাড়া ব্যাটালিয়ন)-এর উদ্যোগে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী উপস্থিত থাকবেন।
বান্দরবান জেলাভিত্তিক সম্প্রীতি ও উন্নয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে থানচি নারী ফুটবল দল। পাহাড়ের ক্রীড়াঙ্গনে এই অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ দলের কৃতী নারী ফুটবলারদের এই সংবর্ধনা দেওয়া হচ্ছে।
৩৮ বিজিবির সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন জানান, অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে থানচি ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, থানচির নারী ফুটবলারদের এই অর্জন শুধু দলের নয়, পুরো এলাকার গৌরব। তাঁদের সাফল্য পাহাড়ের নারী সমাজের সাহস, আত্মবিশ্বাস ও ক্রীড়াপ্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সংবর্ধনা নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পাহাড়ে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজনটি থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এক মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।