মৈত্রী অনলাইন ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক পানি ব্যবস্থাপনায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে নারী জলবায়ু নেতৃত্ব নেটওয়ার্ক বিষয়ক এক কর্মশালা।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বান্দরবান জেলা সদরের হোটেল রয়েল হোটেলের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস)-এর উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড ও সিমাভি নেদারল্যান্ডস-এর অর্থায়নে পরিচালিত ‘ওয়াটার জাস্টিস ফান্ড: মুভমেন্ট বিল্ডিং গ্রান্ট’ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি জনপদে জলবায়ু পরিবর্তন ও পানির সংকটে নারীরাই সবচেয়ে বেশি প্রতিকূলতার মুখোমুখি হন। অথচ তৃণমূল বা নীতি নির্ধারণী পর্যায়ে পানি বণ্টন ও সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণে তাঁদের ভূমিকা তুলনামূলকভাবে সীমিত। পানি সম্পদে সার্বজনীন ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে স্থানীয় পর্যায়ে নারীদের মতামত, অধিকার ও কার্যকর নেতৃত্বকে অগ্রাধিকার দিতে হবে।
২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদে বান্দরবান সদর উপজেলায় চলমান এ প্রকল্পের মাধ্যমে নারী জলবায়ু কর্মপরিষদ গঠন, নেতৃত্ব ও অ্যাডভোকেসি প্রশিক্ষণ, স্থানীয় পানি সম্পদের মানচিত্রায়ন, অংশীজনদের সঙ্গে সমন্বয় এবং নীতি-নির্ধারকদের সঙ্গে সংলাপের মতো নানামুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে ১৫০ জন নারী এবং পরোক্ষভাবে অন্তত ৫০০ স্থানীয় বাসিন্দা উপকৃত হবেন।
জেন্ডার সংবেদনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে জলবায়ু সহনশীল সমাজ তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মৈত্রী/এইচ.এম।




