মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
নির্বাচিত রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

শেয়ার করুন:

তৌফিক ইমাম,

লিগ্যাল ভয়েস : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মৎস্যজীবী দলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

মিছিল শেষে দেওয়া বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের ভয়াবহ দুঃশাসনে দেশের জনগণ ফুঁসে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়ে দেশে ইচ্ছা-অনিচ্ছার শাসন চলছে। সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দী করে রেখেছে।

তিনি বলেন চিকিৎসা না দিয়ে তাকে নিঃশেষ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সরকারের অপশাসনের বিরুদ্ধে তিনি যাতে সোচ্চার হতে না পারেন সেজন্য তার মুক্তিতে বাঁধা দেওয়া হচ্ছে। কিন্তু জনগণ খালেদা জিয়াকে কারামুক্ত করে মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।

মিছিলে দলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান প্রমুখ অংশ নেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies