সাংবাদিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর চেষ্টা
খুলনা প্রতিনিধি,
লিগ্যাল ভয়েস ডেস্ক : সোর্সের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় খুলনায় এক সাংবাদিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ৯টায় নগরীর মুসলমানপাড়া নিজ বাড়ি থেকে আবদুল জলিল নামে ওই সাংবাদিককে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তার বাড়ির সীমানা প্রাচীরের বাইরের একটি ড্রেন থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখানো হয়। বর্তমানে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
আবদুল জলিল খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক (ক্রীড়া)।
আবদুল জলিলের স্ত্রী রুনা বেগম জানান, সকাল ৯টার দিকে কিছু লোক আবদুল জলিলকে খুঁজতে আসে। শনিবার গভীর রাত পর্যন্ত খেলা দেখায় আবদুল জলিল বাড়িতে নেই বলে জানান তিনি।
পরে এক মহিলা নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিলে তিনি আবদুল জলিলকে ডেকে তোলেন। এরই মধ্যে ওই ব্যক্তিরা দেয়াল টপকে তার বাড়ির ছাদে চলে যায়। পরে বাড়ির বাইরের একটি ড্রেনে ১০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে বলে তারা জানান এবং আবদুল জলিলকে সঙ্গে নিয়ে যান।
রুনা বেগম বলেন, মাদক বিক্রি তো দূরের কথা আবদুল জলিল ধূমপানও করেন না। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে।
আবদুল জলিল সাংবাদিকদের জানান, কিছুদিন আগে ওই এলাকার মাদকদ্রব্যের সোর্স টুটুলকে আটক করে সদর থানা পুলিশ। আবদুল জলিল নিজে ওই সংবাদ করেন এবং অন্যান্য পত্রিকায়ও সরবরাহ করেন। পরে টুটুল জামিনে বের হয়ে এসে আবদুল জলিলকে দেখে নেয়ার হুমকি দেন।
খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান জানান, টুটুলের হুমকির বিষয়টি তিনি জানেন। এজন্য সাত দিন আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান, সাংবাদিক আবদুল জলিল ও তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সভায় ছিলেন। সেখানে সাংবাদিক আবদুল জলিল মাদকদ্রব্যের কর্মকর্তা রাশেদুজ্জামানকে মুসলমানপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর অনুরোধ করেন। রাশেদুজ্জামানও দ্রুত অভিযান চালানোর আশ্বাস দেন। এরই মধ্যে তাকে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনা ঘটল।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভীন আকতার বলেন, গোপন সংবাদে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে তার বাড়ির পাশের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। যেহেতু তার বাড়ির পাশ থেকে পাওয়া গেছে, এজন্য তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে।

