আন্তর্জাতিক অঙ্গনে লড়ছেন লামার সাত জিমন্যাস্ট
।।মো. নুরুল করিম আরমান, লামা ( বান্দরবান)।।
সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন শিপস (এসজিপি) ২০২৬’-এর ২১তম আসরে বাংলাদেশের হয়ে লড়ছেন, বান্দরবান জেলার লামা উপজেলার সাতজন জিমন্যাস্ট। তারা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়া এলাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র শিক্ষার্থী। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের এসব প্রতিভাবান জিমন্যাস্ট নিয়মিত প্রশিক্ষণ, কঠোর অনুশীলন এবং সুশৃঙ্খল ক্রীড়া পরিবেশের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকশিত করেন বলে জানান সংশ্লিষ্টরা।
গত ১ থেকে ৮ জুন পর্যন্ত সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদেরকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। বুধবার (৩ জুন) বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের এক আনুষ্ঠানিক পত্রে তাদেরকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
মনোনীত খেলোয়াড়রা হলেন- উহাই মং মার্মা, প্রেনথৈ ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মার্মা, রাজীব চাকমা ও ওয়ে ওয়ে সাই মার্মা।
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান জিমন্যাস্টরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছেন বলে জানান, কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের শিক্ষার্থীরা দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। আশা করি, তারা সিঙ্গাপুরে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য প্রদর্শনের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনবে।
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে লামা উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানায়, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে তৃণমূল পর্যায়ের শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধারাবাহিকতায় উপজেলার ‘কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক অবদান রেখে চলেছে।
মৈত্রী/এইচ.এম।

