নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে হস্তান্তরিত বিভাগ ও দপ্তরগুলোর দায়িত্ব নতুন করে বণ্টন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (এর সকল সংশোধনীসহ)-এর ২৭ ধারা অনুযায়ী পরিষদের হস্তান্তরিত সরকারি বিভাগ, দপ্তর ও কর্মসূচির সামগ্রিক কার্যাবলি যথাযথভাবে সম্পাদন এবং সমন্বয়ের লক্ষ্যে এই আদেশ জারি করা হয়েছে। এই আদেশের ফলে গত ১ সেপ্টেম্বর জারি করা এ সংক্রান্ত পূর্ববর্তী অফিস আদেশটি (স্মারক নং-১৩৭৭) বাতিল করা হয়েছে। নতুন এই আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
কে কোন দায়িত্ব পেলেন: অফিস আদেশ অনুযায়ী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং আহ্বায়ক হিসেবে প্রাথমিক শিক্ষা বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব পালন করবেন।
এছাড়া পরিষদের ১৪ জন সদস্যের মধ্যে বিভিন্ন দপ্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। তাঁরা হলেন:
- লুসাই মং: স্বাস্থ্য বিভাগ।
- আবদুল মাবুদ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসি।
- মশিউর রহমান: মৎস্য বিভাগ ও মাধ্যমিক শিক্ষা বিভাগ।
- মোহাম্মদ জসিম উদ্দীন: সমাজসেবা অধিদপ্তর ও সরকারি শিশু পরিবার।
- চ নু মং: পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
- মাংসেতং তঞ্চঙ্গ্যা: বাজার ফান্ড সংস্থা।
- মং কানু মারমা: প্রাণিসম্পদ অধিদপ্তর ও কৃত্রিম প্রজনন অধিদপ্তর।
- উম্যাসিং মার্মা: শিল্পকলা একাডেমি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট।
- কাজী নিরুতাজ বেগম: ক্রীড়া বিভাগ।
- আগস্টিন ত্রিপুরা: সরকারি গণগ্রন্থাগার ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
- রিয়াল দাও বম: হর্টিকালচার সেন্টার।
- উই চাক: যুব উন্নয়ন অধিদপ্তর।
- খাউ প্রু খিয়াং: সমবায় বিভাগ।
- দনওয়াই ম্রো: তুলা উন্নয়ন বিভাগ ও স্থানীয় পর্যটন।




