নিজস্ব প্রতিবেদক, থানছি : বান্দরবানের থানচি উপজেলার দুর্গম ম্রো পল্লীতে শূকরের চর্বি থেকে তেল তৈরির সময় আগুনে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর তিন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেলেংগা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলেংগা পাড়ার বাসিন্দা পাসুয়া ম্রো (পিতা: ম্যালেঙ্গা ম্রো) নিজ বাড়িতে শূকরের চর্বি জ্বাল দিয়ে তেল তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তাঁর বসতঘরটি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে খবর পেয়ে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবারসহ তাৎক্ষণিকভাবে জরুরি ত্রাণসামগ্রী প্রদান করেন।
এ বিষয়ে তিন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়েই স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ক্রানিঅং মারমাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সাধ্যমতো ত্রাণসামগ্রী নিয়ে আমরা ঘটনাস্থলে যাব।”
তিনি আরও জানান, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে পায়ে হেঁটে (ট্রেকিং করে) পৌঁছাতে হয়।
এদিকে, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিস যথাসময়ে পায়নি।
থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুল রহমান মৃধা জানান, এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক ও অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ না থাকায় অগ্নিকাণ্ডের সংবাদ তাৎক্ষণিকভাবে তাদের কাছে পৌঁছায়নি।




