সোমবার, ৯ নভেম্বর ২০২৬
উপজেলা খবর বান্দরবান

সাবেক হেডম্যানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ও নতুন নিয়োগের দাবিতে স্মারকলিপি

শেয়ার করুন:

মৈত্রী অনলাইন ডেস্ক : বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজার সাবেক হেডম্যান যোহন ত্রিপুরার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থের বিনিময়ে ভুয়া হেডম্যান রিপোর্ট প্রদান ও জমির দলিল জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও বোমাং রাজার সার্কেল বরাবর একই দাবিতে স্মারকলিপি জমা দেন এলাকাবাসী। এসময় ইউনিয়নের পাহাড়ী-বাঙ্গালী দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে সাবেক হেডম্যান যোহন ত্রিপুরার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজার কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পরিচালনার স্বার্থে দ্রুত নতুন হেডম্যান নিয়োগের দাবি জানান স্থানীয়রা।

এসময় বাসিন্দারা বলেন, হেডম্যানের দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়মের কারণে মৌজার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে বলে তারা মনে করেন। জমি-জমা সংক্রান্ত বিষয়ে ভুয়া হেডম্যান রিপোর্ট প্রদান ও দলিল জালিয়াতির মতো গুরুতর অভিযোগেরও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

তাদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত নতুন হেডম্যান নিয়োগ করা হলে মৌজার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসবে।

মৈত্রী/ হাসান মুন্না।

Powered by Done 5 Technologies