শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
কভার নিউজ খবর বান্দরবান

এইচএসসি ফলাফল ২০২৬: বান্দরবানে শীর্ষে কোয়ান্টাম কসমো, তলানিতে চম্বি

শেয়ার করুন:

মৈত্রী অনলাইন ডেস্ক : বান্দরবান জেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ নিয়ে শীর্ষস্থান অধিকার করেছে কোয়ান্টাম কসমো কলেজ।

প্রকাশিত ফলাফলের সারসংক্ষেপ অনুযায়ী, জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার মোট ৩ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৪৮৪ জন, অকৃতকার্য হয়েছে ২ হাজার ১০৩ জন এবং জেলায় মোট জিপিএ-৫ এসেছে ৪৩টি।

প্রথম স্থানে থাকা কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৬০ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৫ জন, বাণিজ্য বিভাগ থেকে ৪ জন ও মানবিক বিভাগ থেকে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে।

৯৩.৬২ শতাংশ পাসের হার (৪৭ জনে পাস ৪৪) ও ৫টি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ৯১.৮১ শতাংশ পাসের হার (১৭১ জনে পাস ১৫৭) ও ১৩টি জিপিএ-৫ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

চতুর্থ স্থানে থাকা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৫৮.১২ শতাংশ (১১৭ জনে পাস ৬৮), পঞ্চম স্থানে থাকা রোয়াংছড়ি কলেজে ৪২.৪৫ শতাংশ (১০৬ জনে পাস ৪৫) এবং ষষ্ঠ স্থানে থাকা হেফাজতুর রহমান কলেজে ৪১.৬৭ শতাংশ (২৪ জনে পাস ১০)। এই তিনটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

জেলার সবচেয়ে বড় সরকারি কলেজগুলোর পাসের চিত্র বেশ হতাশাজনক। সপ্তম স্থানে থাকা বান্দরবান সরকারি কলেজ থেকে সর্বোচ্চ ১ হাজার ৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে মাত্র ৪১৮ জন (৩৯.০৩ শতাংশ) এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন। অষ্টম স্থানে থাকা সরকারি মাতামুহুরী কলেজ থেকে ৭৫৫ জনের মধ্যে পাস করেছে ২৭৮ জন (৩৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন), নবম স্থানে থাকা হাজী এম. এ. কালাম সরকারি কলেজ থেকে ৫১৯ জনের মধ্যে পাস করেছে ১৮৫ জন (৩৫.৬৫ শতাংশ) এবং দশম স্থানে থাকা বান্দরবান সরকারি মহিলা কলেজ থেকে ৪৮০ জনের মধ্যে পাস করেছে ১৬৭ জন (৩৪.৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ জন)।

তালিকায় সবচেয়ে খারাপ ফলাফল করা চম্বি হাই স্কুল অ্যান্ড কলেজ (১৪তম) থেকে ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৬ জন। তলানির দিকের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রুমা সাঙ্গু সরকারি কলেজের (১৩তম) পাসের হার ২২.৫৮ শতাংশ (৯৩ জনে পাস ২১), থানচি কলেজের (১২তম) পাসের হার ২৪.০৭ শতাংশ (৫৪ জনে পাস ১৩) এবং বাইশারী হাই স্কুল অ্যান্ড কলেজের (১১তম) পাসের হার ২৭.৯১ শতাংশ (৭৩ জনে পাস ১২)। এই চার প্রতিষ্ঠানের কেউই জিপিএ-৫ এর দেখা পায়নি।

মৈত্রী/এইচ.এম।

Powered by Done 5 Technologies