রিকশা নিষিদ্ধ নয়, নিয়ন্ত্রণ করা প্রয়োজন: মেয়র আতিকুল
স্টাফ রিপোর্টার,
লিগ্যাল ভয়েস ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রিকশা নিষিদ্ধ নয়, বরং নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রধান সড়কগুলোতে যান্ত্রিক যানবাহনের পাশাপাশি রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
শনিবার গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সভায় মেয়র এসব কথা বলেন। তিনি জানান, প্রধান সড়ক ব্যতিরেকে অন্যান্য সড়কে রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারবে।
সড়ক ও ফুটপাতে জনদুর্ভোগ লাঘব এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন বন্ধ, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক ডিএনসিসির আওতাধীন প্রগতি সরণি (কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত সড়ক) এবং মিরপুর রোডে (গাবতলী হতে ধানমন্ডি-২৭ পর্যন্ত সড়ক) রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ এবং এ সকল সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে এই সভা হয়।
মেয়র আতিকুল ইসলাম এই দুটি সড়কে পর্যাপ্ত বাস নামানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) এবং বাস মালিক সমিতির প্রতি আহবান জানান। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে বাস বা মাইক্রোবাস চালু করার অনুরোধ জানান। পর্যায়ক্রমে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানান মেয়র।

