অর্থ ও বাণিজ্য

বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত হলে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে

ভূইয়া আসাদুজ্জামান / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা ঃ ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর) ঃ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত হলে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে। এজন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে সমস্যার গভীরে গিয়ে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। এ ভাবে বাণিজ্য ক্ষেত্রে স্বাভাবিক প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে দেশের মানুষ উপকৃত হবেন। মানুষের জন্য সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, ভোক্তা যাতে প্রতারিত না হয়, সেজন্য সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে নিরপেক্ষ প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে মানুষ সঠিক মূল্যে পণ্য ক্রয় করার সুযোগ পাবেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে এ দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। প্রতিযোগিতা কমিশনকে এমন ভাবে কাজ করতে হবে, যাতে অশুভ তৎপরতা চালিয়ে কেউ ভোক্তার ক্ষতি করতে না পারে।

বাণিজ্যমন্ত্রী আজ (১২ ডিসেম্বর) ঢাকায় টিসিবি মিলনায়তনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উদ্যোগে “ব্যবসায়ী এবং ক্রেতার স্বার্থ সংরক্ষণে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করণ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে পেঁয়াজ নিয়ে অনেক কথা হচ্ছে। দেশের চাহিদার প্রায় চারভাগের এক ভাগ পেঁয়াজ প্রতিবছর বিদেশ থেকে আমদানি করতে হয়। সংকট মোকাবেলায় উচ্চ মূল্যে পেঁয়াজ আমদানি করে ভর্তুকি দিয়ে কম মূল্যে দেশের মানুষের কাছে বিক্রয় করতে হচ্ছে। চাহিদা মোতাবেক দেশে পেঁয়াজ উৎপাদন হলে সমস্যা হতো না। দেশের মানুষের চাহিদা মেটাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে স্থানীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। এখন বাজারে পেয়াজের সরবরাহ বেড়েছে। ফলে এখন বাজারে পেঁয়াজের মূল্য কমছে।

টিপু মুনশি বলেন, পৃথিবীর অনেক দেশে ধর্মীয় উৎসবের সময় পণ্যের মূল্য কমিয়ে ভোক্তাদের সহযোগিতা করা হয়।

আমাদের দেশে পবিত্র রমজান মাস এলেই অনেক পণ্যের মূল্য বৃদ্ধির প্রবনতা দেখা যায়। এ অবস্থা মোকাবেলায় ভোক্তাদেরও স্বচেতন থাকতে হবে। উৎপাদনকারীগণ উপযুক্ত মূল্য না পেলে পেঁয়াজ উৎপাদনে উৎসাহ হারাবেন। উৎপাদন বাড়িয়ে ভোক্তাদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন(অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব) মো. মফিজুল ইসলাম এর সভাপতিত্বে বিষয়ের উপর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, ইষ্ট-ওয়েষ্ট ইউনিভারসিটির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরাস উদ্দিন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য(সিনিয়র সচিব) ড. শামসুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম তুলে ধরেন কমিশনের সদস্য মো. আব্দুর রউফ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *