খবরশীর্ষ খবর

ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণের নতুন মেয়র নির্বাচিত

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের প্রাথমিক ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে সব ক’টির বেসরকারি ফলাফলে নৌকার প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তিনি। তাপস পেয়েছেন ৪,২৪,৫৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২,৩৬,৫১২ ভোট।

সর্বোচ্চ ভোট পাওয়ায় ফজলে নূর তাপসকে বেসরকারিভাবে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন।প্রথম দিকে ঘোষিত কিছু কেন্দ্রের ফলাফলে তাপস ও ইশরাকের মধ্যে ব্যবধান বেশি না থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা দ্বিগুণ হয়ে যায়। শেষ পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৮৮ হাজার ৮৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তাপস।

এএছাড়া মেয়র পদে নির্বাচন করেছেন জাতীয় পার্টি সমর্থিত হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

তাদের মধ্যে সব কেন্দ্র মিলিয়ে আব্দুর রহমান (হাতপাখা) পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট, আব্দুস সামাদ সুজন (মাছ) ১০ হাজার ৮৭৬, সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল) চার হাজার ৭৭২, বাহারানে সুলতান বাহার (আম) দুই হাজার ৭০০ ও আক্তারুজামান ওরফে আয়াতুল্লাহ (ডাব) পেয়েছেন দুই হাজার ৬০ ভোট।

এর আগে শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হলে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন।

শনিবার সকাল ৮টায় ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শেখ ফজলে নূর তাপস। সকাল ৯টায় গোপীবাগ আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইশরাক হোসেন।

এদিকে সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, ঢুকতে না দেওয়াসহ নানা অভিযোগ করেন বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এমনকি কর্তব্যরত সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিএনপির অভিযোগ প্রসঙ্গে বলেন, বিষয়টা সম্পূর্ণ অমূলক। তাদের (বিএনপি) তেমন সাংগঠনিক কাঠামো নেই, তাই তারা আমাদের ওপর দোষ চাপাচ্ছে। নিশ্চিত পরাজয় জেনে এসব অভিযোগ করছে তারা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ৭৫টি সাধারণ ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড এই সিটি গঠিত। এই সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে। ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ইসির যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন। তার সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন ২৫ জন।

অন্যদিকে, দক্ষিণ সিটিতে ৭৫টি সাধারণ ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৪০৮ জন। এর মধ্যে ৭৫টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩২৬ জন, ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রার্থী ৮২ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *