প্রস্তাবিত বাজেট: যেসব পণ্যের বাজেটে দাম বাড়বে
ঢাকা : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ৩টার দিকে বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেন তিনি।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কিছু কিছু পণ্য ও সেবার ওপর শুল্ককর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বাজেটের শুল্ককর প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যায়।
দাম বাড়তে পারে
কাজুবাদাম দেশীয় চাষ ও প্রক্রিয়াজাত শিল্পকে সুরক্ষা দিতে অপ্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং প্রক্রিয়াজাত কাজুবাদামের শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে আমদানিনির্ভর কাজুবাদামের বাজারে দাম বাড়তে পারে।
আমদানিকৃত পাঙাশ ফিলেট
দেশীয় মৎস্য প্রক্রিয়াজাত শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত পাঙাশ মাছের ফিলেটের ওপর নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে পাঙাশ মাছের দাম বাড়তে পারে।
সিগারেট
সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নিম্নস্তরে প্রতি ১০ শলাকার ক্ষেত্রে ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা এবং উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে বাজারে সিগারেটের দাম বাড়বে।
পেট্রোল, অকটেন ও ডিজেলচালিত গাড়ি
পরিবেশ দূষণ কমাতে মধ্যম সারির ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনচালিত গাড়ির মোট করভার ১৩২.৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫.৮৮ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে এসব গাড়ির দাম বাড়তে পারে।
ওয়াশিং মেশিন
স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে সব ধরনের হাউজহোল্ড ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
ভুট্টা জাতীয় পণ্য
ভুট্টা দানা থেকে তৈরি মেইজ স্টার্চের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এটি খাদ্য, টেক্সটাইল, ওষুধ ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এতে সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়তে পারে।
জিপসাম বোর্ড ও জিপসাম শিট
দেশীয় উৎপাদকদের সুরক্ষায় জিপসাম বোর্ড ও শিট আমদানিতে ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে ওই সেবার মূল্য বৃদ্ধি পেতে পারে।
নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো
নিকোটিন পাউচ আমদানিতে খুচরা পর্যায়ে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আর হিটেড টোব্যাকো পণ্যে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দুটি ক্ষেত্রেই দাম বাড়বে।
ট্রান্সফরমার শিল্প সুরক্ষায়
স্থানীয়ভাবে গড়ে ওঠা ১ কেভিএ পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার শিল্পকে শক্তিশালী শুল্ক প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে উক্ত ক্ষমতার ট্রান্সফরমার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫ শতাংশে উন্নীত করার এবং একইসঙ্গে নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।
বিদেশি কপার টিউব ও কপারের তার
কপার টিউব আমদানির শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, কপারের তার আমদানিতে নতুন করে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে পণ্য দুটির দাম বাড়তে পারে।
কোল্ড-রোল্ড কয়েল ও শিট
কোল্ড-রোল্ড কয়েল ও শিট আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে এই পণ্যটির দামও বাড়তে পারে।
প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প
পিভিসি রেজিনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আর পিইটি রেজিনের আমদানি শুল্কও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
বিদেশি সাইকেল
স্থানীয় শিল্পের সুরক্ষায় সাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইল আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
গ্রিজপ্রুফ পেপার ও গ্লাসিন পেপার
গ্রিজপ্রুফ পেপারের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। আর গ্লাসিন পেপারের ক্ষেত্রেও একইভাবে শুল্ক ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। এতে দুই ধরনের কাগজের দাম বাড়তে পারে।
বিদেশি মোটর
দেশীয় মোটর উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে ১২০০ ওয়াটের নিম্ন ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।
পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার
আমদানি বিকল্প শিল্পকে সুরক্ষা দিতে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার আমদানিতে নতুন করে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
মৈত্রী/এইচ.এম।

