খবরপার্বত্যমৈত্রী স্পেশালশীর্ষ খবর

নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে সিএনজি ভাড়া ৬০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। যাত্রী সাধারণের অভিযোগ ও দাবির প্রেক্ষিতে প্রশাসনের হস্তক্ষেপে এই রুটে জনপ্রতি ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা না নেওয়ার আশ্বাস দিয়েছেন সিএনজি চালক ও মালিক সমিতির নেতারা।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় রামু ও গর্জনিয়া প্রশাসনের সাথে সমন্বয় করে নতুন ভাড়া চূড়ান্ত করা হয়।

সভায় জানানো হয়, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিভিন্ন অজুহাতে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে চালকরা ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সাধারণ যাত্রীরা। বিষয়টি স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রশাসনের নজরে আনলে ইউএনও দ্রুত এই মতবিনিময় সভার আয়োজন করেন।

মতবিনিময় সভায় সিএনজি সমিতির প্রতিনিধিরা অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে প্রশাসনকে আশ্বস্ত করেন। তবে তারা জানান, ভবিষ্যতে জ্বালানির দাম কমলে ভাড়ার হার আবারও পুনর্বিবেচনা করে কমিয়ে আনা হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান চালকদের যাত্রীসেবায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি সবাইকে আইন ও নিয়মকানুন মেনে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি চালকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, সহ-সভাপতি মাহমুদ হক বাহাদুর,  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুসসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং সিএনজি চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দ। প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ।

মৈত্রী/ এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *