বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শীর্ষ খবর

সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেলেন ৪ নারী

শেয়ার করুন:

ঢাকা, ২৪ জানুয়ারি ২০১৯ লিগ্যালভয়েস : সেনাবাহিনীতে ৪ জন নারী অফিসার লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ বৃহস্পতিবার সদর দপ্তরে তাদের লেফটেন্যান্ট কর্নেল পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উর্দ্ধতন সামরিক কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
মেজর হতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত চারজন নারী অফিসার হলেন, মেজর সানজিদা হোসেন (আর্টিলারি), মেজর সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), মেজর ফারহানা আফরীন (আর্টিলারি) এবং মেজর সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল হতে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সে নিয়মিতভাবে নারী অফিসার নিয়োগ করা হচ্ছে। ৪৭তম দীর্ঘমেয়াদি কোর্স থেকে শুরু হওয়া এসব নারী অফিসাররা ইতিমধ্যেই নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। তাদের এই সক্ষমতার অংশ হিসেবে চারজন নারী অফিসারকে মেজর হতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্সের নারী অফিসারদের লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রদানের মাধ্যমে সেই পদক্ষেপে আরো এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies