চাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বর
পুরনো বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আবারও দেখা হওয়ার অপেক্ষায় চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিনের স্মৃতি ও বন্ধুত্বের সম্পর্ককে নতুন করে উদযাপন করতে আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর আইডিইবি ভবন, কাকরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের “গ্র্যান্ড রি-ইউনিয়ন-২০২৬”। অনুষ্ঠান চলবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।
আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘদিন পর একত্রিত হওয়ার এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও বন্ধনকে আরও দৃঢ় করবে। পাশাপাশি পুরনো দিনের স্মৃতি রোমন্থন, আড্ডা ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। একই সঙ্গে নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় এবং বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবনা ও সম্ভাবনা ভাগ করে নেওয়ার একটি অর্থবহ সুযোগ তৈরি হবে।
সময়ের স্রোতে কত মানুষ হারিয়ে যায়, কত মুখ মিশে যায় জীবনের ব্যস্ত ভিড়ে। অথচ কিছু মুখ, কিছু হাসি আর কিছু স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে—পুরনো দিনের অমলিন ঠিকানা হয়ে। যে বন্ধুর সঙ্গে একদিন একই বেঞ্চে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম, আজ হয়তো সে দেশের কোনো প্রান্তে, কোনো শহরের ব্যস্ত জীবনে। বছরের পর বছর দেখা নেই, কথা নেই—তবু মনের ভেতর প্রশ্ন জাগে, “বন্ধুটি কেমন আছে?”
আবারও সেই চেনা মুখগুলোকে খুঁজে পাওয়ার, হারিয়ে যাওয়া গল্পগুলোকে নতুন করে বলার এবং স্মৃতির পাতায় ফিরে যাওয়ার সুযোগ এসেছে। একদিনের জন্য হলেও সময় যেন থেমে যাবে—ফিরে আসবে সেই তারুণ্যের দিন, সেই নির্মল হাসি, সেই বন্ধুত্বের উষ্ণতা। তাদের ভাষায়, পুরনো বন্ধুদের খুঁজছি—কারণ কিছু বন্ধুত্ব কখনো পুরনো হয় না; শুধু অপেক্ষা করে, আবার একদিন পাশাপাশি বসার।
মিলনমেলায় থাকছে স্মৃতিচারণ, আড্ডা, গান, সফলতার গল্প, শিক্ষকদের বক্তব্য, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় পরিবেশ তৈরি করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
রেজিস্ট্রেশন চলছে
মিলনমেলায় অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা www.mycdpi.com/register ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। সিলভার ক্যাটাগরির ফি ৯০০ টাকা, গোল্ড ডোনার ২ হাজার ৫০০ টাকা এবং ডায়মন্ড ডোনার ৫ হাজার টাকা।
এ ছাড়া মিলনমেলায় স্পনসর হিসেবে অংশগ্রহণের সুযোগও রাখা হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টাইটেল স্পনসরের জন্য একটি, ডায়মন্ড স্পনসরের জন্য তিনটি এবং গোল্ড স্পনসরের জন্য ১০টি স্লট নির্ধারণ করা হয়েছে। স্পনসর হিসেবে রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে www.mycdpi.com/sponsor ওয়েবসাইটে।
থাকবেন শিক্ষামন্ত্রী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলনের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল মোঃ জহিরুল ইসলাম।
আয়োজকরা জানান, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। বিশেষ করে কর্মজীবনে ছড়িয়ে পড়া পুরনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে এই মিলনমেলায়। স্মৃতির টানে, ভ্রাতৃত্বের বন্ধনে আবারও একসাথে।


