বিজিএমইএর প্রথম নারী সভাপতি হচ্ছেন প্রয়াত আনিসুল হকের স্ত্রী
দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি হতে যাচ্ছেন এই সংগঠনের সাবেক সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুলের হকের স্ত্রী রুবানা হক।
আগামী ৬ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে শনিবার (২ মার্চ) সম্মিলিত পরিষদ এবং ফোরাম সমঝোতার মাধ্যমে যে প্যানেল জমা দিয়েছে তাতে দলনেতা করা হয়েছে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হককে। এরপর বিজিএমইএর সভাপতি হিসেবে তার জয় আনুষ্ঠানিকতা মাত্র।
ফোরাম নেতা বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, “আগের ধারাবাহিকতায় এবারও আমরা সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার প্যানেল দিয়েছি। তাতে রুবানা হক হচ্ছেন প্যানেল লিডার। যদি অন্য কেউ বা অন্য কোনো প্যানেল নির্বাচনে অংশ না নেয় তাহলে ভোটের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে রুবানা হক বিজিএমইএর সভাপতি হচ্ছেন এটা নিশ্চিত করে বলা যায়।
‘আর যদি কোনো প্যানেল বা অন্য কেউ স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নেয় তাহলে নির্বাচন হলেও সম্মিলিত পরিষদ-ফোরাম প্যানেল জয়ী হবে, তাতেও কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রেও নতুন সভাপতি হবেন রুবানা হক।’
শনিবার কারওয়ানবাজারে বিজিএমইএ কার্যালয়ে রুবানা হকের নেতৃত্বে সম্মিলিত পরিষদ-ফোরাম প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাণিজ্যমন্ত্রী ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুনশিসহ বিভিন্ন সময়ে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করা বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
টিপু মুনশি সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিয়ে আসছেন। এই পরিষদ থেকেই তিনি বিজিএমইএর সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজিএমইএর আরেক সাবেক সভাপতি এফবিসিসিআই সভাপতি সম্মিলিত পরিষদ নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএমইএর বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
অন্যদিকে ফোরামের নেতাদের মধ্যে রুবানা হক ছাড়াও বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরও উপস্থিত ছিলেন।

