বান্দরবানসহ ৫ জেলায় ৩ মাসের কিস্তি আদায় স্থগিত
মৈত্রী নিউজ ডেস্ক : বান্দরবানসহ চট্টগ্রাম বিভাগের ৫টি বন্যায় ক্ষতিগ্রস্ত জেলায় আগামী ৩ মাস ঋণগ্রহীতাদের কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)।
সম্প্রতি এমআরএর লাইসেন্স, রেগুলেশন, পলিসি এন্ড ল’ বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশ জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এবং পুনর্বাসনে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কিস্তি আদায় আগামী ৩ (তিন) মাস সম্পূর্ণ স্থগিত থাকবে।
প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন দুর্যোগকালীন ঋণ প্রদান করতে হবে বলেও জানানো হয়।
একই সঙ্গে চাহিদা অনুযায়ী গ্রাহকের সঞ্চয় দ্রুততম সময়ের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশনা দেয়া হয়।
এই নির্দেশাবলী অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি।
এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৈত্রী/এইচ.এম।

